সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পুনর্বিবেচনার আহ্বান ইসলামী আন্দোলনের
জাতীয় সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ ইসলামী আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। সংগঠনটি বিলটির সংশ্লিষ্ট বিধান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলাম নাঈম সোমবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, বিলটির মাধ্যমে নির্দিষ্ট ক্ষেত্রে সম্পত্তি অন্যের কাছে হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগের অধিকার সংরক্ষণের সুযোগ রাখা হয়েছে।
তাদের দাবি ইসলামী শরিয়াহ অনুযায়ী হেবা সম্পন্ন হওয়ার জন্য গ্রহীতাকে সম্পত্তির দখল ও পূর্ণ কর্তৃত্ব বুঝিয়ে দিতে হয় এবং দাতাকে ওই সম্পত্তির ওপর থেকে নিজের দখল ও কর্তৃত্ব প্রত্যাহার করতে হয়।
তাদের ভাষ্য দখল হস্তান্তর না করে দাতার আজীবন ভোগদখলের অধিকার সংরক্ষণ করা হলে শরিয়াহ অনুযায়ী হেবা সম্পন্ন হবে না। সেক্ষেত্রে দাতার মৃত্যুর পর ওই সম্পত্তি উত্তরাধিকার আইনের আওতায় পড়বে এবং শরিয়াহসম্মত উত্তরাধিকারীদের মধ্যে তাদের প্রাপ্য হিস্যা অনুযায়ী বণ্টিত হবে।
ইসলামী আন্দোলনের নেতারা বলেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আইন প্রণয়নের আগে দেশের আলেম ও ফিকহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। তাদের দাবি সম্পত্তি ও পারিবারিক আইন সংশোধনের ক্ষেত্রে ইসলামী আইন ও ফিকহ বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
তারা সরকারের প্রতি বিলটির শরিয়াহ-সংক্রান্ত আপত্তিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এমইউ/এসএনআর
