বিয়ের দুই মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে সাদিয়া ইসলাম (১৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের প্রায় দুই মাসের মাথায় তার মরদেহ উদ্ধার করা হলো।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া ইসলাম রাউজানের গহিরা এলাকার মো. আসিফের স্ত্রী। তিনি চট্টগ্রাম নগরীতে এক প্রতিষ্ঠানে চাকরি করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সাদিয়ার এর আগেও বিয়ে হয়েছিল। ওই সংসারে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়। পরে আসিফের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী হাটহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গত ৩১ আগস্ট তারা ফটিকা এলাকার ওই বাসায় ওঠেন। সোমবার দুপুরে আসিফ ফোনে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক বাসায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় সাদিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।
এমআরএএইচ/কেএসআর


