চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, একদিনে ৭৪ রোগী শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ জনে।
সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু রোগীর তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে সরকারি হাসপাতালে ২ হাজার ১০৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৬৮ জনসহ মোট ২ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এসময়ের মধ্যে ১৯৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ২ হাজার ২৭৯ জন।
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় নগরের পাশাপাশি উপজেলা পর্যায়েও মশক নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এমআরএএইচ/এমআইএইচএস
