September 4, 2026

জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, সহকারী আমিরুল

0


জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক মনোনীত হয়েছেন মিডফিল্ডার রোমান সরকার। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিফেন্ডার আমিরুল ইসলাম। শুক্রবার বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) এই দুই খেলোয়াড়ের নেতৃত্বের বিষয়টি ঘোষণা করেছে।

বর্তমানে চীনে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে অনুশীলনের পাশাপাশি মোট পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। চীনে প্রস্তুতি শেষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে জাতীয় দলের। এরপর স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে ১৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

চীনে প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে ইতোমধ্যে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। তিয়ানজিন প্রদেশের বিপক্ষে ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিক এবং সোহানুর রহমান সবুজের একটি গোলে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের দল।

প্রথম প্রস্তুতি ম্যাচেই আমিরুলের দুর্দান্ত পারফরম্যান্স দলের জন্য স্বস্তির খবর। এবার তার ওপর বাড়তি দায়িত্বও থাকছে। রোমান সরকারের সহকারী হিসেবে মাঠে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রক্ষণভাগ সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই ডিফেন্ডার।

এশিয়ান গেমসের মূল লড়াইয়ের আগে চীনের কন্ডিশন ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের প্রস্তুতিকে আরও পরিণত করার সুযোগ দেবে। পাঁচটি প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জাপানে এশিয়ান গেমসের মিশনে নামবে বাংলাদেশ জাতীয় হকি দল।

আরআই/এমএমআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *