‘কসমেটিকা ঢাকা’র দ্বিতীয় দিনেও জমজমাট আয়োজন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।
বৃহস্পতিবার প্রথম দিনের ব্যাপক সাড়ার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের পাশাপাশি দিনভর ছিল লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের আয়োজন।
দ্বিতীয় দিনে প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্টলে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। বিভিন্ন ধরনের কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও পার্সোনাল কেয়ার পণ্য ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানার সুযোগ পান দর্শনার্থীরা।
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য দ্বিতীয় দিনেও ছিল বিটুবি (বিজনেস-টু-বিজনেস) নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে দেশি-বিদেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, আমদানিকারক, পরিবেশক, খুচরা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ তৈরি হয়।
এদিন প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘ইন্ডাস্ট্রি টক: দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনায় কসমেটিকস ও পারসোনাল কেয়ার খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা, বিনিয়োগ, প্রযুক্তি এবং ভবিষ্যৎ নিয়ে মতামত দেন দেশি-বিদেশি খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এর আগে, বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পকে শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে না দেখে উৎপাদন, রপ্তানি এবং দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এবারের কসমেটিকা ঢাকায় বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন ও জাপানসহ মোট ১৬টি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার কেয়ার, ফ্র্যাগরেন্স, গ্রুমিং ও পার্সোনাল কেয়ার পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও সেবা।
প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্টলে দর্শনার্থীর ভিড় দেখা যায়/ছবি: স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সৌজন্যে
আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিন থেকেই দেশি-বিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতি এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে আমরা ইতিবাচক সাড়া দেখেছি।’
তিনি বলেন, ‘আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এই খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক। বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।’
দ্বিতীয় দিনের আয়োজনে অভিনেত্রী সাবিলা নূর, শবনব ফারিয়াসহ বেশ কয়েকজন তারকার উপস্থিতিও দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। এর আগে প্রথম দিনের আয়োজনে মডেল ও অভিনেত্রী অথৈইয়ের উপস্থিতি দর্শনার্থীদের আকর্ষণ করে।
আয়োজকদের প্রত্যাশা, কসমেটিকা ঢাকা দেশের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) শেষ হবে ‘কসমেটিকা ঢাকা ২০২৬’। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
ইএইচটি/এমএমকে


