September 1, 2026

নতুন পে-স্কেলে প্রাথমিক শিক্ষকদের কার কত বেতন বাড়ছে

0
gemini-generated-image-prdd1xprdd1xprdd-mthby2ksttzcje9-20260831202626.jpg


‘জাতীয় বেতন কাঠামো ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। এতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বেড়েছে। নতুন এই পে-স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ছে।

পে-স্কেলে দশম গ্রেডের প্রধান শিক্ষকদের চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা ও ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে।

নতুন পে-স্কেল অনুযায়ী, দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে। নতুন হারে সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

প্রধান শিক্ষকদের বেতন বেড়ে কত হলো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডের। নতুন বেতন কাঠামোয় এই গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা।

তিন ধাপে বেতন বাস্তবায়নের ফলে দশম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ১৬ হাজার টাকা থেকে প্রথম ধাপে ২৪ হাজার, দ্বিতীয় ধাপে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকায় উন্নীত হবে।

এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষাসহায়ক ও অন্যান্য ভাতাও যুক্ত হবে। ফলে সব ধাপ বাস্তবায়নের পর ১০ম গ্রেডের একজন প্রধান শিক্ষকের মোট বেতন-ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে। ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হয়।

সহকারী শিক্ষকদের বেতন কত বাড়লো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান। নতুন কাঠামোয় এ গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে এ গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা।

নতুন কাঠামোর প্রথম ধাপে মূল বেতন হবে ১৭ হাজার ৫০০ টাকা। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর তা ২৪ হাজার টাকায় উন্নীত হবে। এর পর বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা যোগ হলে মোট বেতন প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

নবম থেকে ২০তম গ্রেডেও বাড়ছে বেতন

নতুন বেতন কাঠামোয় নবম গ্রেডের চাকরির শুরুতে মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন ধাপে এটি কার্যকর হবে।

ঢাকায় কর্মরত নবম গ্রেডের একজন নতুন কর্মকর্তার ২০২৮ সালের জানুয়ারি থেকে মূল বেতন ৪৪ হাজার টাকার সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যোগ হলে মোট বেতন প্রায় ৭০ হাজার টাকা হতে পারে।

অন্যদিকে সর্বনিম্ন ২০তম গ্রেডে চাকরির শুরুতে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

তবে নতুন কাঠামোয় পুরোনো চাকরিজীবীদের বেতন সবার ক্ষেত্রে এক হবে না। তাদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধার ওপর নতুন বেতন নির্ভর করবে। নতুন বেতনকাঠামো কার্যকর হলে এত দিন চালু থাকা ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বাতিল হবে।

এএএইচ/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *