September 9, 2026

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার

0
salauddin-mott49ltprkhdzq-20260506144307.jpg


দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে সহযোগিতা করে গোপনে ও নিরাপদে পুরস্কার জেতার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাটি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সরকারি সব হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযানে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সঠিক তথ্য ও সংবাদ পরিবেশনে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিন; গোপনে ও নিরাপদে পুরস্কার নিন। তথ্য দেওয়ার জন্য র‌্যাব হটলাইন নম্বর—০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯ এ যোগাযোগ করুন। নম্বরগুলোতে ইমো (imo), হোয়াটসঅ্যাপ (WhatsApp), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber) ব্যবহার করে যোগাযোগ করা যাবে বলেও জানায় র‌্যাব।

এর আগে, গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে গণমাধ্যমের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ইউনিটটি এরই মধ্যে কাজ শুরু করেছে। কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। 

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের পুরস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেভি ওয়েপনস উদ্ধারে সহযোগিতা বা তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার, শটগানসহ —এ ধরনের অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

এছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ারগ্যাস সেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। পরিচয় গোপন রাখা না হলে মানুষ কেন তথ্য দিতে যাবে?

সম্প্রতি বাতিল হওয়া অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব অস্ত্র জমা দেওয়া হয়নি সেগুলো এরই মধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কেআর/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *