রাশিয়া বনাম ইউরোপ: সম্ভাব্য যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য ল্যাভরভের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ইউরোপের দেশ জার্মানি তাদের নৌ-সক্ষমতা বাড়িয়েছে। এর পাশাপাশি রুশ জব্দ অর্থ থেকে ইউক্রেনকে প্রচুর সহায়তা দেওয়ার কথাও জানা গেছে। এমন অবস্থায় রাশিয়ার ওপর ইউরোপ হামলা চালালে সে যুদ্ধ কেমন হবে তা নিয়ে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হবে ‘সম্পূর্ণ ভিন্ন এবং খুবই স্বল্পস্থায়ী।’
এর আগে ঠিক একই মন্তব্য করেছিলেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছিলেন, ইউরোপ যদি রাশিয়ার ওপর হামলা চালায়, তাহলে যুদ্ধ হবে ‘সম্পূর্ণ ভিন্ন এবং খুবই স্বল্পস্থায়ী’।
ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এবং তিনি কথাটি কয়েকবার পুনরাবৃত্তি করেছেন: ‘আমরা কাউকে আক্রমণ করার পরিকল্পনা করছি না। এটা বোকামি, নির্বুদ্ধিতা। এটি রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ অযোগ্যতার প্রকাশ। কিন্তু যদি এসব আলোচনা আপনাদের হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়, তাহলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি—যুদ্ধটি হবে সম্পূর্ণ ভিন্ন এবং খুবই স্বল্পস্থায়ী।’”
রাশিয়ার চ্যানেল ওয়ানের ‘গ্রেট (বিগ) গেম’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ল্যাভরভ বলেন, ‘আমি সবাইকে এই কথাগুলো মনে রাখার পরামর্শ দেব।’
সূত্র: তাস
কেএম

