‘সুপার হিউম্যান’ হবেন জয় চৌধুরী, পরিচালক রুবেল
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। একসময় নিয়মিত সিনেমা নির্মাণ করলেও ২০০৮ সালের পর পরিচালনা থেকে দূরে ছিলেন এই অভিনেতা।
দীর্ঘ দেড় যুগের বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার পেছনে ফিরছেন রুবেল।
নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘ছায়া : দ্য শ্যাডো’। এর মাধ্যমে প্রায় ১৮ বছর পর আবারও পরিচালকের আসনে বসতে যাচ্ছেন রুবেল।
এর আগে ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’সহ ১৬টি সিনেমা নির্মাণ করেছেন রুবেল। সর্বশেষ ২০০৮ সালে নির্মাণ করেছিলেন ‘রক্ত পিপাসা’। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাকে।
জানা গেছে, ‘ছায়া : দ্য শ্যাডো’ সিনেমার গল্প আবর্তিত হবে একটি ভাইরাসকে কেন্দ্র করে। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকছেন জয় চৌধুরী। তাকে গল্পের প্রয়োজনেই একজন ‘সুপার হিউম্যান’ চরিত্রে দেখা যাবে।
সিনেমাটিতে জয় চৌধুরীর বিপরীতে দুই নায়িকা থাকবেন। বাংলাদেশ ও কলকাতা থেকে তাদের নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখনো কোনো নায়িকার নাম চূড়ান্ত করা হয়নি।
অক্টোবরের তৃতীয় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গল্প ও পরিকল্পনার কাজ চূড়ান্ত করেছেন নির্মাতা রুবেল। এখন চলছে শুটিংয়ের অন্যান্য প্রস্তুতি।
যদিও নতুন সিনেমাটি নিয়ে রুবেল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তবে সিনেমাটির খবরের সত্যতা নিশ্চিত করেছেন জয় চৌধুরী। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, গল্প ও পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সব প্রস্তুতি শেষ করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে।
দীর্ঘদিন পর রুবেলের পরিচালনায় ফেরাকে ঘিরে তাই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। বিশেষ করে ভাইরাসকেন্দ্রিক গল্পে জয় চৌধুরীকে ‘সুপার হিউম্যান’ হিসেবে কীভাবে উপস্থাপন করেন রুবেল, সেটিই এখন দেখার অপেক্ষা।
এমআই/এলআইএ
