সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা
টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। রানারআপ হয়েছেন আকবর হোসেন। আর অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মো. শরিফ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিটি/একিউএফ
