সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে
অনূর্ধ্ব-১৯, ১৭ ও ২৩ দল নিয়ে আয়োজিত গেম ডেভোলপমেন্ট টুর্নামেন্টের পর্দা নেমেছে বুধবার। ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলেও গ্রুপ পর্বে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
টুর্নামেন্টে চার ম্যাচে সর্বোচ্চ ১৮০ রান করে সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন জারিফ সিয়াম। প্রথম ম্যাচে ৯৯ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করলেও সেটিকে ব্যক্তিগতভাবে বড় করে দেখছেন না তিনি। দলের জয়কেই নিজের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই ব্যাটার।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন জারিফ। টুর্নামেন্ট থেকে পাওয়া অভিজ্ঞতার কথা জানিয়ে জারিফ বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। টপ লেভেলের বোলাররা আসলে কিভাবে বল করে, তাদের বলে কিভাবে খেলতে হয়- এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতা। আর ব্যক্তিগত বিষয় হিসেবে ৯৯ রানে আউট হওয়াটা কোনো ব্যাপার ছিল না। আমি সবসময় দলের জন্য খেলি, দলের জন্যই খেলব। দলের জন্য খেললে অটোমেটিক নিজের রানটাও হয়ে যায়।’
৯৯ রানে থেমে যাওয়ায় সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও দলের জয়কে বড় করে দেখছেন জারিফ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ১০০ রান মিস করেছি, হয়নি; কিন্তু সমস্যা নেই। আমরা ওই ম্যাচে জিতেছিলাম। সেমিফাইনালের আগে আমরা আধিপত্য বিস্তার করেই ওই ম্যাচে জিতেছি। দিন শেষে ম্যাচ জেতাটাই আমার কাছে মুখ্য।’
টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের জন্য কী নিতে চান, সেটিও জানিয়েছেন জারিফ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে যে ম্যাচগুলোতে ভালো করেছি, সেখান থেকে অনেক কিছু শিখছি। খারাপ করেছি, সেখান থেকেও শিখছি। সব মিলিয়ে অনেক কিছু শেখার হয়েছে। যে অভিজ্ঞতাগুলো হয়েছে, যে ভুলগুলো করেছি, পরেরবার কোনো বড় টুর্নামেন্টে ব্যাটিং করার সময় এগুলো আমাকে অনেক কাজে দেবে।’
এসকেডি/আইএইচএস/
