সরকারি হস্তক্ষেপে শ্রীলঙ্কা থেকে সরে গেলো নারী চ্যাম্পিয়ন্স ট্রফি
আগামী বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটি আয়োজিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু শেষ পর্যন্ত ট্রফিটি সরিয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কা থেকে।
বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বর্তমানে সরকার নিয়োগকৃত একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’র অধীনে পরিচালিত হচ্ছে। বোর্ডের সংবিধান ও প্রশাসনিক কাঠামোতে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।
আইসিসির নীতিমালা অনুযায়ী, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন প্রশাসনের মাধ্যমে কোনো ক্রিকেট বোর্ড পরিচালিত হওয়া অনুমোদিত নয়। এ কারণে ট্রান্সফরমেশন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই এসএলসির প্রতিনিধিদের আইসিসি বোর্ডের সভায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
গত জুলাইয়ে আইসিসি জানিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন সংবিধান প্রণয়নের অগ্রগতি তারা লক্ষ্য করেছে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংস্থাটি জানায়, আপাতত আইসিসি বোর্ডের সভায় এসএলসির প্রতিনিধিত্বের সুযোগ থাকবে না।
এদিকে নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক স্বত্ব হারানোর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রিকেটীয় প্রভাবও পড়তে পারে শ্রীলঙ্কার ওপর। টুর্নামেন্টে শীর্ষ ছয় দল অংশ নেওয়ার কথা থাকায় আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা।
সরকারি হস্তক্ষেপের কারণে এর আগেও বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব হারিয়েছিল দেশটি। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব শ্রীলঙ্কার কাছ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছিল। সে সময় দেশটির ক্রীড়া মন্ত্রণালয় নির্বাচিত এসএলসি বোর্ড বিলুপ্ত করেছিল।
আইএন
