August 31, 2026

সব সরকারি কর্মচারীই পাবেন মোবাইল ভাতা

0
jagonewsimage-1-mth7t2ug2qlsdmh-20260831182918.jpg


নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এ বড় পরিবর্তন আসছে সরকারি কর্মচারীদের মোবাইল ভাতায়। এতদিন শুধু পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও নতুন পে-স্কেলে সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে এ সুবিধার পরিধি বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল অনুমোদন করা হয়। অনুমোদিত বেতন স্কেলে মোবাইল ভাতার আওতা সম্প্রসারণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে।

বর্তমানে সরকারি চাকরিতে মোবাইল ভাতা মূলত পঞ্চম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল। নতুন বেতন স্কেল কার্যকর হলে গ্রেডভিত্তিক এই সীমাবদ্ধতা আর থাকছে না। ফলে নিচের গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা মোবাইল ভাতার সুবিধা পাবেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক কাজের বড় একটি অংশ এখন ডিজিটাল যোগাযোগনির্ভর। ইন্টারনেট, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়েই মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে।

নতুন বেতন স্কেলে শুধু মোবাইল ভাতাই নয়, সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু নতুন সুবিধার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে। সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।

স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন স্কেল বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে। ফলে মোবাইল ভাতার সম্প্রসারিত সুবিধাও নতুন বেতন স্কেলের ভাতা কার্যকরের সময় থেকেই বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

সরকারের মতে, নতুন বেতন স্কেল সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়ানোর পাশাপাশি দক্ষ, গতিশীল ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখবে।

একই সঙ্গে ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় আনার সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগ ব্যয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।

এমএএস/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *