September 7, 2026

‘শুধু আমি আর ভিনিসিয়ুসই কেন?’- সমালোচকদের জবাবে এমবাপে

0
og_1788793856_6a9ed4000a263.jpeg


রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড়দের রক্ষণে অবদান নিয়ে সমালোচনা নতুন নয়। বিশেষ করে কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের অফ-দ্য বল নিয়ে কাজ করার পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। তবে এবার সেই সমালোচনার সরাসরি জবাব দিলেন ফরাসি তারকা এমবাপে।

তার দাবি, রিয়াল মাদ্রিদের রক্ষণে আরও উন্নতি দরকার ঠিকই; কিন্তু সেটি শুধু তার কিংবা ভিনিসিয়ুসের দায়িত্ব নয়। একই সঙ্গে চলতি বছরই ব্যালন ডি’অর জয়ের জন্য নিজের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না এমবাপে। বিশ্বকাপে দুর্দান্ত গোল-ফর্ম এবং রিয়াল মাদ্রিদে তার পারফরম্যান্সের কারণে ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম প্রার্থী হিসেবে নিজেকে দেখছেন তিনি।

সম্প্রতি রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে লা লিগায় মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল। ওই ম্যাচে শেষ দিকে পেনাল্টি মিস করেন এমবাপে। এরপরই দলটির পারফরম্যান্স, আক্রমণভাগের রক্ষণে অবদান এবং নতুন কোচ হোসে মরিনহোর অধীনে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার সংবাদ সম্মেলনে এসব প্রশ্নেরই জবাব দিয়েছেন এমবাপে।

‘শুধু আমি আর ভিনিসিয়ুস কেন?’

রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়দের রক্ষণে আরও বেশি কাজ করা উচিত কি না- এমন প্রশ্নের মুখে এমবাপের পাল্টা প্রশ্ন, ‘শুধু আমি আর ভিনিসিয়ুস?’ পিএসজির উসমান ডেম্বেলে এবং বার্সেলোনার রাফিনহার সঙ্গে তুলনা করে তাকে প্রশ্ন করা হয়েছিল, রিয়ালের ফরোয়ার্ডদের কি আরও বেশি রক্ষণাত্মক দায়িত্ব নেওয়া উচিত?

এমবাপে অবশ্য আত্মপক্ষ সমর্থন করলেও দলের উন্নতির প্রয়োজন অস্বীকার করেননি। তিনি বলেন, অবশ্যই তাদের উন্নতি করতে হবে এবং সেটিই স্বাভাবিক। তবে নিজের গোল করার সামর্থ্যের কথাও মনে করিয়ে দেন ফরাসি তারকা।

তার বক্তব্যের সারমর্ম ছিল- চাইলে তিনি বলতে পারেন, ডেম্বেলে ও রাফিনহার চেয়ে তিনি বেশি গোল করেন, তাই তাদেরও তার মতো আরও বেশি গোল করা উচিত। কিন্তু এমন তুলনায় যেতে চান না তিনি।

বরং এমবাপের মতে, রিয়াল মাদ্রিদের সবাইকেই রক্ষণে উন্নতি করতে হবে এবং প্রতিপক্ষকে কম সুযোগ দিতে হবে। অর্থাৎ, দলের রক্ষণাত্মক দুর্বলতার দায় শুধু আক্রমণভাগের দুই তারকার ওপর চাপিয়ে দেওয়াকে তিনি যথাযথ মনে করছেন না।

‘আমি সবসময় নিজেকে বিশ্বের সেরা মনে করি’

এমবাপের আত্মবিশ্বাস অবশ্য বরাবরের মতোই অটুট। বিশ্বের সেরা খেলোয়াড় কে- এই বিতর্কে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। ফরাসি তারকার ভাষায়, তিনি ‘সবসময়’ নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন। তবে এটিকে তিনি একান্তই ব্যক্তিগত বিশ্বাস হিসেবে দেখছেন।

তার মতে, সবাইকে একই মত পোষণ করতে হবে এমন কোনো কথা নেই। কেউ তাঁকে বিশ্বের সেরা মনে করতে পারেন, আবার কেউ নাও করতে পারেন। তবে ব্যালন ডি’অরের প্রসঙ্গে এমবাপে মনে করছেন, এবার তার সুযোগ ভালো।

রিয়াল মাদ্রিদের হয়ে খেললে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আলোচনায় থাকা স্বাভাবিক- এমনটাই মনে করেন এমবাপে। তিনি বলেন, বিশ্বের সেরা ক্লাবে খেললে ব্যালন ডি’অরের সঙ্গে নাম জড়িয়ে যাওয়া স্বাভাবিক। রাস্তায় মানুষের সঙ্গে দেখা হলেও অনেকে তাকে এই পুরস্কার নিয়ে প্রশ্ন করেন। এর পেছনে বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সও বড় কারণ।

চলতি গ্রীষ্মের বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় ১০ গোল করেছেন এমবাপে। তিনটি বিশ্বকাপ মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা বিশ্বকাপের ইতিহাসে তাকে সর্বোচ্চ গোলদাতার আসনে সমাসীন করেছে।

এমন পারফরম্যান্সের পর ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে তার নাম থাকা তাই অস্বাভাবিক নয়। তবে পুরস্কারটি যে তার হাতে তুলে দেওয়া হবে, এমন নিশ্চয়তা দিতে নারাজ এমবাপে।

তিনি বলেন, এই বছর ব্যালন ডি’অর জেতার জন্য ভালো একটি বছর হতে পারে; কিন্তু শেষ পর্যন্ত ভোট দেবেন সাংবাদিকেরা এবং তারাই বিজয়ী নির্বাচন করবেন। অর্থাৎ নিজের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী হলেও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি ভোটারদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

আইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *