নকল ঘি-কসমেটিকস মজুতের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
লক্ষ্মীপুরে নকল ঘি ও কসমেটিকস পণ্য মজুত ও সরবরাহের অভিযোগে রাজ কুমার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল ঘি ও কসমেটিকস জব্দ করে পরে বিনষ্ট করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জেবিবিএল এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে এসব নকল পণ্য জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত রাজ কুমার চৌধুরী রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এ দণ্ড দেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত, র্যাব-১১ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজ কুমার তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার প্রতিষ্ঠান থেকে নকল ঘি ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কাজল কায়েস/এসজেডএইচ/এএসএম
