শিল্পকলা একাডেমিতে ‘লেটোগান ও কবিগান’
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নজরুল বর্ষ উদযাপন। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান, সংগীতসন্ধ্যাসহ নানা আয়োজন। নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমি এবার আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘নজরুলের লেটোগান ও কবিগান’।
আগামীকাল (৩সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে আয়োজনের দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকবে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লেটোগান ও কবিগান। নজরুলের গান শুধু সুর নয়, বাংলার মানুষের জীবনকথা। বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির সহজ-সরল, অথচ গভীর প্রাণরস থেকে নজরুল খুঁজে নিয়েছিলেন অনন্য এক ভাষা। লেটোগান ও কবিগান সেই লোকায়ত বাংলার দুই উজ্জ্বল শিল্পধারা, যেখানে গান হয়ে ওঠে কথোপকথন, ছন্দ হয়ে ওঠে জনজীবনের স্পন্দন, আর শিল্পী হয়ে ওঠেন মানুষের আনন্দ-বেদনার মুখপাত্র। আগামীকালের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমমআই/এমএমএফ


