লেডি গাগার ঘরে নতুন অতিথি, ৪০ বছরে মা হলেন গায়িকা
পপসংগীত তারকা লেডি গাগার জীবনে এলো নতুন অধ্যায়। প্রথম সন্তানের মা হয়েছেন ৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা। বাগ্দত্তা মাইকেল পোলানস্কির ঔরসে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গাগার ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি জানিয়েছে ‘পিপল’ সাময়িকীকে।
তবে সন্তানের জন্মের তারিখ, নাম কিংবা অন্য কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। গাগার মা হওয়ার খবরটি প্রথম প্রকাশ করে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’।
ভক্তদের কাছে বহু বছর ধরেই ‘মাদার মনস্টার’ নামে পরিচিত লেডি গাগা। এবার সেই ডাকনাম যেন নতুন অর্থ পেল। দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে বলে আসছিলেন এই গায়িকা।
২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে নিজের আগামী ১০ বছরের পরিকল্পনার কথা জানিয়েছিলেন গাগা। সেখানে সিনেমায় আরও কাজ করার পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি। গাগা বলেছিলেন, ‘আমি আরও সিনেমায় কাজ করতে চাই, আমি সন্তান নিতে চাই।’
২০২০ সালের মার্চে ‘ইনস্টাইল’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে আরও খোলামেলা কথা বলেন গাগা। তিনি বলেছিলেন, ‘আমি সন্তান নেওয়ার ব্যাপারে খুবই উচ্ছ্বসিত। মা হওয়ার জন্য মুখিয়ে আছি।’
২০২৫ সালের অক্টোবরে ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’ অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময়ও মা হওয়ার ইচ্ছার কথা জানান গাগা। তিনি বলেন, ‘আমি অনেক কিছু করতে চাই। এসবের সবই এখনো সম্ভব। কিন্তু সত্যি বলতে, আমি মা হতে চাই। আশা করি, এটাই হবে আমার পরবর্তী প্রধান চরিত্র।’
২০২০ সালে প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে লেডি গাগার প্রেমের খবর প্রকাশ্যে আসে। লাস ভেগাসে নববর্ষের এক পার্টিতে দুজনের চুম্বনের ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। পরে ওই বছরের সুপার বোলের সময় মায়ামিতে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।
করোনাভাইরাস মহামারির সময় একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন গাগা ও পোলানস্কি। এতে তাদের সম্পর্ক আরও গভীর হয়। পরবর্তী বছরগুলোতে নিজেদের ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছেন এই জুটি। তবে একে অপরের কাজ ও সামাজিক উদ্যোগে সমর্থন দিয়ে গেছেন।
মাইকেল পোলানস্কি ক্যানসার ইমিউনোথেরাপি নিয়ে কাজ করা পার্কার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। অন্যদিকে গাগা ২০১২ সাল থেকে নিজের প্রতিষ্ঠান ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’র মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন।
২০২৪ সালের জুলাইয়ে গাগা ও পোলানস্কির বাগদানের খবর প্রকাশ্যে আসে। প্যারিস অলিম্পিক চলাকালে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সঙ্গে দেখা হওয়ার সময় গাগা পোলানস্কিকে নিজের ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে আতাল সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেন।
দীর্ঘদিনের সম্পর্ক ও বাগদানের পর এবার গাগা-পোলানস্কির জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। প্রথম সন্তানের আগমনে পূর্ণতা পেল পপতারকার দীর্ঘদিনের মাতৃত্বের আকাঙ্ক্ষা।
এমএমএফ


