যেন আমি আমার ঠোঁট তোমার ঠোঁটে ছুঁইয়েছিলাম
১. যদি
আবু আফজাল সালেহ
আমি চেয়েছিলাম তুমি কৌতূহলী হও
অন্তত আমার মতোই কৌতূহলী
আমি তোমাকে এক মুঠো ভাষা দিয়েছিলাম
তুমি তা গোগ্রাসে গিললে
কিন্তু স্বাদটা অনুভব করলে না
যেন আমি আমার ঠোঁট তোমার ঠোঁটে ছুঁইয়েছিলাম
আমি ভেবেছিলাম সেই চুম্বনের কথা
আর তুমি ভাবলে কেবল মুখের কথা
ইশ, যদি তুমি জানতে চাইতে
ইশ, যদি কথোপকথনটাকে আরও একটু দীর্ঘ করতে
তাহলে-
আমাকে হয়তো পড়ে থাকা টুকরোগুলো কুড়াতে হতো না
বিড়বিড় করতে হতো না।
২. অবিন্যস্ত
আমি গায়ে প্রচুর সুগন্ধি মাখি
ঘুমানোর আগে কিংবা তোমার কথা লেখার সময়
তুমি আমাকে তন্দ্রাচ্ছন্ন করে তোলো
সেটা ঠিক সেই সদ্যোজাত শিশুর চোখের পলক ফেলার মতো
শূন্যতার দিকে চেয়ে থাকার মতো এক আবেশ
তুমি আমাকে তন্দ্রাচ্ছন্ন করে তোলো
এর কারণ কিন্তু সেই আঁশযুক্ত ফলের ঘ্রাণ নয়
নাক সুড়সুড়ি দেওয়া সেই ঝাঁঝালো আদার গন্ধও নয়
না-
বরং কারণটা হলো-তুমি কখনোই সুবিন্যস্ত ছিলে না
বা কোনো নির্যাস হিসেবে আহরিতও হওনি।
অথচ কেমন করে যেন তুমি রূপ বদলে ফেলো
ক্লান্তিকর রকমের মিষ্টি আলুবোখারা থেকে হঠাৎই হয়ে ওঠো তীক্ষè লবঙ্গ
আমার সুগন্ধির মাঝে মিশে গিয়ে ক্ষীণ হয়ে আসতে পারো
আর কেমন করে যেন আমার লিনেন বিছানার চাদরে ভাঁজ ফেলে দিতে পারো।
৩. সমস্যার ধরন
আমার কণ্ঠস্বর যেভাবে কেঁপে ওঠে
যেভাবে আমি অহেতুক দীর্ঘ কথা বলে যাই
মানুষের সাথে ঠিকঠাক কথা বলতে না পারা
তাদের বুঝতে না পারার সেই ধরন
আমার আচ্ছন্ন হয়ে পড়ার স্বভাব
আমার ঘৃণা করার ধরন।
আমি বলি, জানি না আমার কী হয়েছে
অথচ আমি জানি, সমস্যাটা আমারই
কিন্তু, প্রকাশ্যে বলি না।
কেএসকে
