September 1, 2026

বিপিএল ফিক্সিং: বিসিবি’র সাবেক পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

0
og_1788269677_6a96d46d18f4e.jpeg


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে ফিক্সিং, তথ্য গোপন ও তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন কোডের (২০২৪) একাধিক ধারা ভঙ্গের দায়ে বিসিবি’র ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) বিস্তারিত তদন্ত পরিচালনা করে এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বিসিবি। 

অভিযুক্ত তিন ব্যক্তি হলেন বিসিবি’র সাবেক পরিচালক (২০২৫-২০২৬) ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াঁজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রকিবুল ইসলাম সানি। তিনি একই সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।

মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে বিপিএল ১২তম আসরের ম্যাচের ফল অনৈতিকভাবে প্রভাবিত ও পাতানোর চেষ্টা (ধারা ২.১.১), অন্য কোনো অংশগ্রহণকারীকে অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা (ধারা ২.১.৪), আকসু বা অ্যান্টি-করাপশন অফিশিয়ালকে (ডিএসিও) ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য সময়মতো না জানিয়ে গোপন রাখা (ধারা ২.৪.৪) এবং তথ্য বা বার্তা মুছে দিয়ে আকসুর তদন্তে বাধা সৃষ্টি করার (ধারা ২.৪.৭) অভিযোগ আনা হয়েছে।

এছাড়া সাবেক এই সিকিউরিটি লিয়াঁজোঁ অফিসার জাকিরের বিরুদ্ধে সরাসরি ম্যাচ ফিক্সিং বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা (ধারা ২.১.১), অন্যকে দুর্নীতির কাজে উৎসাহিত বা প্ররোচিত করার (ধারা ২.১.৪) এবং বিসিবি’র অ্যান্টি-করাপশন কর্মকর্তার চাওয়া ডিমান্ড নোটিশ অমান্যসহ তদন্তে সহযোগিতা না করার (ধারা ২.৪.৬) অভিযোগ আনা হয়েছে।

আর সানির বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া (ধারা ২.৪.৪) এবং তদন্তকাজে সহযোগিতা না করে নোটিশ অমান্য করার (ধারা ২.৪.৬) অভিযোগ গঠন করা হয়েছে।

শৃঙ্খলা বিধির আওতায় অভিযুক্ত তিনজনকে ইতোমধ্যেই সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর থেকে অভিযোগের বিরুদ্ধে নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্তদের ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

এসকেডি/আইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *