মিরপুরে বস্তিতে অবৈধ রিকশা চার্জিং, ৫০০ পয়েন্ট বিচ্ছিন্ন
রাজধানীর মিরপুরের বিভিন্ন বস্তি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। অভিযানে ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্নসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শনিবার দিনগত রাতে কাফরুল থানাধীন কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি এবং রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তি, চলন্তিকা বস্তি ও টিনশেড বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডেসকো ও ডিপিডিসির সহযোগিতায় সংশ্লিষ্ট থানা পুলিশ এবং পিওএম ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রায় ২০০ মিটার বৈদ্যুতিক তার (আনুমানিক ওজন ৭০ কেজি) ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন এবং তিনটি চার্জিং অ্যাডাপ্টার জব্দ করা হয়। এসময় একাধিক বৈদ্যুতিক মিটারসহ ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিসি ছানোয়ার হোসেন আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে মিরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিটি/এমআইএইচএস
