August 30, 2026

বিইউপির নবনির্মিত ৩টি ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

0
og_1788079521_6a93eda1cf38f.jpeg


 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনগুলো হলো ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবন তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিইউপির একাডেমিক অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে সেনাপ্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

স্বাগত বক্তব্যে উপাচার্য শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতি তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিইউপির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‌‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান। পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।

তিনি আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিইউপির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আইএসপিআর জানিয়েছে, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ সম্প্রসারণে ভবনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিটি/এসএনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *