মিয়ানমারে পাচার হচ্ছিল ৪১০ বস্তা ইউরিয়া সার, জব্দ করলো কোস্ট গার্ড
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, সোমবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ৪১০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
জব্দ করা সার ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এমআরএএইচ/কেএসআর


