গোপনে বিয়ে করে ৫ মাসেই ডিভোর্স
গোপনে বিয়ে করেছিলেন তারা। কিন্তু ঘর টিকলো না ৫ মাসও। বিচ্ছেদ নিয়ে আলাদা হয়ে গেছেন ভারতীয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও দীর্ঘদিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন তারা।
সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন বাদশাহ ও ইশা। তারা জানিয়েছেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তারা। সম্পর্কটি নিয়ে কোনো ধরনের জল্পনা বা অনুমান না করারও অনুরোধ করেছেন এই তারকা জুটি।
বাদশাহ ও ইশা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন। জানা যায়, ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। চলতি বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।
তবে শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনেননি দুজন। পরে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। এরপরও বাদশাহ ও ইশা এ বিষয়ে মুখ খোলেননি। পরে একসময় ইশা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কথা স্বীকার করেন।
বিয়ের কিছুদিন পর থেকেই অবশ্য তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। ইশা ও তার মায়ের কয়েকটি ইঙ্গিতপূর্ণ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। এবার বিচ্ছেদের ঘোষণা দিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তারা।
এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে।
এলআইএ


