বিদ্যুৎস্পৃষ্টে চবি শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে হলের গেটে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে যান আরিফুল। পরে তাকে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্টরা জানান।
শহীদ আবদুর রব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. বোরহান উদ্দিন বলেন, আমি এভারকেয়ারের কাছে আছি। আরিফ আর আমাদের মাঝে নাই। আরিফ আল্লাহর জিম্মায় চলে গিয়েছে।
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ছেলেটা আসলে স্পটেই মারা গেছে বলে মনে হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি। দুর্ঘটনার পর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়। তবে গাড়ির লোকজন যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে দুর্ঘটনাটি ঘটার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
এমএমআরআর/কেজে/জেআইএম
