বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে হেরে শুরু বাংলাদেশের
উজবেকিস্তানের বিপক্ষে হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ২-০ গোলে হেরেছে স্বাগতিকদের কাছে।
শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে উজবেকিস্তান। দুই দেশের যুব দলের পার্থক্যও তাই। তবে, উজবেকিস্তান যেভাবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করে খেলেছে তাতে শঙ্কা ছিল শোচনীয়ভাবে না হারে বাংলাদেশ। বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী ও রক্ষণের দৃঢ়তায় কম গোলেই আটকে রাখা গেছে উজবেকিস্তানকে।
১৯ মিনিটে ডান দিক থেকে আসিলবেকের নেওয়া শট বাংলাদেশের ডিফেন্ডার রিয়াদের বুকে লেগে চলে যায় সাঈদালিভের কাছে। তিনি যে শট নেন তা বাংলাদেশের রাইসের গায়ে লেগে জালে জড়ায়।
৪৭ মিনিটে ডান দিক থেকে উড়ে আসা ক্রসে হেড করে বাংলাদেশের জাল কাঁপান আবরেভ কুভনসেভ। এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উজবেকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে সিরিয়া ১-০ গোলে হেরেছে ভারতের কাছে।
আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ দল যাবে মূলপর্বে। আগামী বছর ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল চীনে হবে চূড়ান্ত পর্ব। স্বাগতিক হিসেবে চীন খেলবে সরাসরি।
আরআই/এএমএ
