September 14, 2026

বরিশালে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও মাছ

0
og_1789365014_6aa78b1685415.jpeg


বরিশালে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ধরনের মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর বহুমুখী সিটি মার্কেট, পাইকারি সবজির বাজার ও পোর্ট রোড মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এ সপ্তাহে ১১০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, চিচিঙ্গা ৬০ থেকে ৮০, ধুন্দল ৮০, ঝিঙা ১০০, করলা ৭০ থেকে ৮০, বেগুন ৮০ থেকে ১০০, বরবটি ১০০, লাউ ৫০ থেকে ৬০, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর বাংলাবাজারে আসা ক্রেতা জাকির বলেন, গত সপ্তাহেও সবজির দাম নাগালের মধ্যে ছিল, এখন আবার সব ধরনের সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এভাবে দাম বাড়লে সবজি কিনে খাওয়া সম্ভব হবে না। ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতো দাম নির্ধারণ করে। এজন্য নিয়মিত বাজার মনিটরিং দরকার।

বহুমুখী সিটি মার্কেট পাইকারি সবজির বাজারের দুলাল বানিজ্যালয়ের আমিনুল ইসলাম শুভ জাগো নিউজকে বলেন, ‘সবজির পর্যাপ্ত সরবরাহ কমে গেলেই দাম বৃদ্ধি পায়। এর আগে বৃষ্টির কারণে দাম কিছুটা বেশি ছিল, পরে আবার কমেছে। এখন সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়লে দাম কমে যাবে।’

এদিকে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে দেখা গেছে, নদীর মাছের সরবরাহ না থাকায় চাহিদা ও দাম দুটোই বেড়েছে চাষের মাছের। সপ্তাহ ব্যবধানে আকার ও প্রকারভেদে বিভিন্ন মাছের দাম কেজিতে ৫০-১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে পছন্দের মাছ কিনতে না পারার আক্ষেপ ক্রেতাদের কণ্ঠে।

দেলোয়ার হোসেন নামে এক ক্রেতা বলেন, আগে এক কেজি চিংড়ি মাছ ৫৫০ থেকে ৬০০ টাকায় কিনেছি। এখন সেই চিংড়ি মাছ ১৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য মাছের দামও বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী পছন্দের মাছ কিনতে না পেরে তেলাপিয়া ও পাঙ্গাশ মাছ কিনতে হয়।

এদিকে কিছু দিন ধরে প্রতি কেজি ব্রয়লার ১৬৫-১৭০ টাকা, লেয়ার ৩৬৫, আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।

শাওন খান/কেজে/জেআইএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *