প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশেকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করার জন্য তেমন উৎসাহ ভারত থেকে দেখা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঠিক মর্যাদা দিয়ে ভারত আমন্ত্রণ করেনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত পতিত সরকারের প্রধানমন্ত্রীকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। সেখানে বসে তাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। যেটা কাম্য নয়। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। কিন্তু ভারত যে সুসম্পর্ক চায়, সেটা দেখা যাচ্ছে না। কেবল মাত্র দুই দেশের কূটনৈতিক কথা বার্তা হচ্ছে। আমরা আশা করবো ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক থাকবে।
তিনি আরও বলেন, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। প্রায় দুই বছর অন্তবর্তীকালীন সরকার ছিল। এ বছর ফেব্রুয়ারিতে ইতিহাসের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে। সরকারের বয়স মাত্র সাত মাস।
তিনি বলেন, ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দুশাসনের ফলে দেশের প্রতিটি স্তরে ও সকল ক্ষেত্র ধস নেমেছে। তারা হত্যা, খুন, গুম, টাকা পাচার, দুর্নীতিতে রেকর্ড করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই পরিস্থিতি থেকে দেশের উন্নয়ন করতে সময় লাগবে।
স্পিকার আরও বলেন, বর্তমানে দেশের জনগণ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। আওয়ামী লীগ আমলে সত্যি কথা বলা সম্ভব ছিল না। সত্যি কথা বলার কারণে অনেককে ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে। বহু মানুষ গুম হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও পারভেজও সত্যি কথা বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে।
এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ
