প্রেমিকাকে পাহাড়ে নিয়ে তিন বন্ধুসহ রাতভর ধর্ষণ
কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (৩০ আগস্ট) ভোরে বিষয়টি নজরে এলে স্থানীয়রা মো. সাকিব (২০) নামে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ধর্ষণে শিকার কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আটক সাকিবও একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শনিবার বিকেলে তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসেন। সেখান থেকে কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান সিয়াম। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন সিয়ামের চার বন্ধু। একপর্যায়ে একজন তাদের পাহারা দেন এবং প্রেমিকসহ বাকি তিনজন রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।
ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তাদের আটক করা হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কিশোরী ঘটনাটি জানায়। একপর্যায়ে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কিশোরীকে সোমবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটক করতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম


