পাকিস্তানে আটক সেই ভারতীয় পাইলট এবার যাত্রীবিমান চালাবেন
২০১৯ সালে পাকিস্তানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান। প্রায় তিন দিন পাকিস্তানের হেফাজতে থাকার পর তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। সেই অভিনন্দন এবার ভারতীয় বিমানবাহিনীর চাকরি ছেড়ে বেসরকারি বিমান সংস্থায় যাত্রীবাহী বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তাসংস্থা পিটিআই বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, বিমানবাহিনীতে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় অবসর নিয়েছেন অভিনন্দন। এরপর একটি বেসরকারি বিমান সংস্থায় যোগ দিয়েছেন তিনি।
দীর্ঘ ২২ বছর ভারতীয় বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেছেন অভিনন্দন। তবে ২০১৯ সালে পাকিস্তানের হাতে আটক হওয়ার পর আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পান এই পাইলট।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে গোয়াভিত্তিক আঞ্চলিক বিমান সংস্থা ফ্লাই৯১-এ সাধারণ পাইলট হিসেবে যোগ দিয়েছেন অভিনন্দন।
তবে এ বিষয়ে অভিনন্দন নিজে কোনো মন্তব্য করেননি। পিটিআই ফ্লাই৯১-এর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেননি। মুখপাত্র জানান, বিমান সংস্থাটি তাদের কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে না।
২০২৪ সালের মার্চে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে ফ্লাই৯১। বর্তমানে প্রতিষ্ঠানটি এটিআর ৭২-৬০০ মডেলের ছয়টি বিমান দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
পাকিস্তানের হাতে যেভাবে আটক হন অভিনন্দন
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় নিরাপত্তাকর্মী নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।
এর পরদিন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেন তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এ সময় পাকিস্তানি বিমানবাহিনীর সঙ্গে তাঁর আকাশযুদ্ধ হয়। একপর্যায়ে তাঁর মিগ-২১ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। পরে প্যারাস্যুটের মাধ্যমে পাকিস্তানের মাটিতে অবতরণ করেন তিনি।
সেখানেই তাঁকে আটক করে পাকিস্তানি সেনারা। প্রায় তিন দিন হেফাজতে রাখার পর ২০১৯ সালের ১ মার্চ তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
ওই বছরের শেষ দিকে সাহসিকতার স্বীকৃতি হিসেবে অভিনন্দনকে ‘বীর চক্র’ পদকে ভূষিত করে ভারত সরকার। যুদ্ধকালীন সাহসিকতার জন্য এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান।
আমার বাঙলা/ রাব্বি
Source link
