September 14, 2026

নির্বাচনে হেরেও কথা রাখলেন আরিফ, রাবিতে দিলেন ৭২৫টি গাছ

0
og_1789389637_6aa7eb45e2093.jpeg


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনের সময় প্রাপ্ত ভোটের সংখ্যায় গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফ আলভী। প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে তিনি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে ৭২৫টি গাছ হস্তান্তর করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে তিনি ১১ প্রজাতির গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নেন।

আরিফ রাকসু নির্বাচনে এক হাজার ৭২৫টি ভোট পেয়েছিল। প্রাথমিকভাবে ৭২৫টি গাছ বিতরণ করলেও পরবর্তীতে ৬৪ জেলায় এক হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কিছু গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে অধিকাংশ গাছ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করেছেন তিনি। যাতে সেগুলো যথাযথভাবে পরিকল্পনার মাধ্যমে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠতে পারে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‌‘রাকসু নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিল হারুক বা জিতুক যতগুলো ভোট পাবেন ততগুলো গাছ ক্যাম্পাসে রোপণ করবেন। তার এমন পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, ‘প্রতিটি ভোটের বিনিময়ে তার একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে একাধিক গাছ নেওয়ার সুযোগ থাকলেও আমার একটি গাছ ভালো লেগেছে, তাই একটি নিয়েছি।’

এসময় আরিফ আলভী বলেন, ‘রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছিলাম। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জিতি বা হারি যতগুলো ভোট পাব, ততগুলো গাছ দেব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছি। এগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে দিয়েছি। ভবিষ্যতে ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।’

মিরাজ হোসেন/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *