August 31, 2026

ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখায় বহিষ্কার বেড়ে ৭, তদন্তে কমিটি

0
og_1788184729_6a9588996021d.jpeg


মেহেরপুরের গাংনীর কাজীপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ইংরেজি বিষয়ের পরীক্ষায় বই দেখে লেখার ঘটনায় ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষাকেন্দ্রটি বাতিল করা হয়েছে।

পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককেও বাউবির পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কারের তথ্য জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও তিনজনসহ মোট সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে কাজীপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি বাউবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রাথমিকভাবে পর্যালোচনা করে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে কাজীপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিল করা কেন্দ্রের পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজ, মেহেরপুরকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায়ের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কাজীপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকারী সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও মো. রফিক-উজ-জামানের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা এবং নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। তাদের বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও দায় নিরূপণে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাউবি।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ন করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না।

তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এদিকে, কাজীপুর ডিগ্রি কলেজে বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনা ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও নিন্দা জানিয়েছেন বাউবি উপাচার্য। ঘটনায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এএএইচ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *