ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভেঙে যাত্রীদের উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ডাবল ডেকার স্লিপার বাস গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী আইকনিক পরিবহনের বাসটি সকালে খলীলপুর এলাকা অতিক্রম করছিল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পরে খেপুপাড়া ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। বাসের গ্লাস ভেঙে যাত্রীদের বের করে আনা হয়। আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, কুয়াকাটা-বরিশাল সড়কটি এখনো ফোর লেনে উন্নীত না হওয়ায় সড়কটি সরু হয়ে আছে। এর পাশাপাশি অতিরিক্ত গতি ও অসতর্কভাবে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কটি ফোর লেনে উন্নীত করে নিরাপদ ও প্রশস্ত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করেন তারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ‘বাসটি খাদে পড়ে যাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বাসের দরজা দিয়ে যাত্রীদের বের করা সম্ভব হচ্ছিল না। পরে আমরা গ্লাস ভেঙে ভেতরে থাকা সবাইকে উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
খেপুপাড়া ফায়ার স্টেশনের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

