ছাগলনাইয়ায় গোয়ালঘরের তালা কেটে ৫ গরু চুরি
ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি গ্রামে গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়া ও লক্ষ্মীপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়ার বাসিন্দা মাওলানা আবদুল কাইয়ুমের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘর খালি দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
একই রাতে ছাগলনাইয়ার লক্ষ্মীপুর নতুন করৈয়া বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিনের গোয়ালঘরের তালা কেটে আরও দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
এক রাতে দুটি চুরির ঘটনায় এলাকাজুড়ে গৃহস্থদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী পরিবারগুলো তাদের চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম জানান, গরু চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং চুরি হওয়া গরু উদ্ধারসহ চক্রটিকে শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ
