September 8, 2026

বেবি শাওয়ারের ছবি প্রকাশ, মা হওয়ার খবর দিলেন সেই নাফিজা

0
porimoni-cover-20260908105639.jpg


লাক্স তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। মায়াবী হাসির জন্য সুপরিচিত অভিনেত্রী বহু নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী বর্তমানে স্বামী রাজীব হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

সেখান থেকেই খবর এলো তিনি মা হতে চলেছেন। বলছি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেই লাস্যময়ী নাফিজা জাহানের কথা।

নাফিজার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে অভিনেত্রী নওশীন নাহার মৌয়ের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। নিউইয়র্কে আয়োজিত একটি ঘরোয়া বেবি শাওয়ারের কয়েকটি ছবি শেয়ার করে নাফিজা ও রাজীবের নতুন জীবনের জন্য শুভকামনা জানান নওশীন।

এরপরই নাফিজাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তার সহকর্মী ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই সুখবর।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাফিজা জাহান। এরপর অভিনয়ে নিজের জায়গা তৈরি করেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।

পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন নাফিজা। বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। ২০২০ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান।

ক্যারিয়ারের ব্যস্ত সময়ে ২০১৩ সালে অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীকে বিয়ে করলেও সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন তিনি।

এবার নাফিজা-রাজীব দম্পতির সংসারে আসছে প্রথম সন্তান। জীবনের নানা ওঠানামা পেরিয়ে নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন তারা। এই সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোবিজের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন হবু মা নাফিজা।

 

এমআই/এলআইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *