August 30, 2026

গুনা মায়ার ‘অলৌকিকভাবে’ বেঁচে থাকার লড়াই এখন মুখে মুখে

0
og_1788018693_6a930005ccad7.jpeg


নেপালে ভয়াবহ বন্যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর গুনা মায়া বোহারা নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করেন পুলিশ, সেনাবাহিনী ও পরিবারের সদস্যরা।

বুধবার (২৬ আগস্ট) বন্যার পানির প্রভাবে একটি বৃদ্ধনিবাস ধ্বংসস্তূপে পরিণত হলে সেখানে আটকা পড়েন গুনা মায়া। পরে তাকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ ও নেপাল সেনাবাহিনী।

প্রায় চার ঘণ্টার চেষ্টার পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) খননযন্ত্রের বাকেটে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কাদামাখা পোশাকে ৯৭ বছর বয়সী ওই নারীর জীবিত ফিরে আসার দৃশ্য নেপালের ভয়াবহ বন্যার মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছে।

গুনা মায়া ওই বৃদ্ধনিবাসেই থাকতেন। বন্যার পানিতে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হলে তার নিচে চাপা পড়েন তিনি।

উদ্ধার অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি তার পরিবারের সদস্যরাও অংশ নেন।

গুনা মায়ার আত্মীয় দীপক বোহারা জানান, তার ভাই ও ছেলে গাছের সঙ্গে দড়ি বেঁধে ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করেন। তারাই গুনা মায়া এখনও জীবিত আছেন বলে জানতে পারেন।

তবে তাকে খুঁজতে গিয়ে আশপাশে আরও অনেক মানুষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

ভয়াবহ বন্যায় শত শত প্রাণহানি

এর আগে বুধবার নেপালের রাসুয়া জেলায় হিমবাহ ধসে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এরপর দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত অন্তত ৬৭৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। নিখোঁজদের মধ্যে ৩০০ জনের বেশি ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

এদিকে নেপালের আবহাওয়া বিভাগ নতুন করে বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। এতে উদ্ধার অভিযান এবং নিখোঁজদের সন্ধান কার্যক্রম আরও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ৯৭ বছর বয়সী গুনা মায়াকে জীবিত উদ্ধারের ঘটনা নেপালে নতুন করে আশার সঞ্চার করেছে।

সূত্র: এনডিটিভি

এমআরএইচ/এমএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *