গাঁজা খেয়ে আকাশে উড়ে বরখাস্ত হলেন পাইলট
আকাশে ওড়ার সময় সাময়িক বিপদের কবলে পড়া এয়ার ইন্ডিয়ার ফুকে-দিল্লি ফ্লাইটটির অভিযুক্ত পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
উড্ডয়নের পরই এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি হঠাৎ ৩০০ ফিট নীচে নেমে যায়। আগস্টের ৪ তারিখ হওয়া এ ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছিলেন। ঘটনার পর জানা গিয়েছিল, পাইলটের পোস্ট ফ্লাইট ক্রিনিংয়ে সাইকোঅ্যাক্টিভ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।
এক বিবৃতিতে টাটার মালিকানাধীন এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। খবর এনডিটিভির।
এয়ার ইন্ডিয়া এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেছে, ফুকে-দিল্লি ফ্লাইটের পাইলট ইন কমান্ডের সাইকোঅ্যাক্টিভ উপাদানের পরীক্ষার ফল পজিটিভ। এয়ার ইন্ডিয়ার জিরো টলারেন্স নীতির সঙ্গে মিল রেখে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করা হচ্ছে।
এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তাদের প্রাথমিক প্রতিবেদনে জানায়, ৩৬ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নকালে এয়ার ইন্ডিয়ার এয়ারবাস-৩২০ ফ্লাইটটির তিনটি হাইড্রলিক সিস্টেমই বিকল হয়ে যায়।
এতে করে বিমানটির অটোপাইলট মোডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। এর পরপরই বিমানটি হঠাৎ ঝাঁকুনি খায় ও প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানটির ২৪ যাত্রী আহত হন।
সরকারের একটি নথিতে উল্লেখ করা হয়, ওই পাইলটের প্রাথমিক পরীক্ষায় ড্রাগ টেস্টে নেগেটিভ আসে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করে, ওই পাইলটের পরের পরীক্ষাতেই গাঁজা সেবনের বিষয়টি ধরা পড়েছে।
ঘটনার পরপরই বিমানটি ১৩৭ যাত্রীকে নিয়ে নিরাপদে দিল্লিতে অবতরণ করে।
এএমএ

