‘খেলার আগে শান্ত বলেছিল অস্ট্রেলিয়াকে হারাব, আল্লাহ আমাদের সঙ্গে আছেন’
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস। বাংলাদেশ দল কি কখনও বিশ্বাস করেছিল, অস্ট্রেলিয়ার মাটিতে পরাক্রমশালী এই দলটিকে টেস্টে হারানো সম্ভব?
টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সবাই ধরেই নিয়েছিলেন, প্রস্তুতি ম্যাচেই এই হাল, মূল ম্যাচে আরও খারাপ কিছু হবে।
কিন্তু ডারউইনে দেখা গেলো অন্য এক বাংলাদেশকে। চারদিন দাপট দেখিয়ে একতরফা খেলে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। যা কিনা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়।
অনেকেই মনে করছেন, বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো বিশ্বাস করতেন না অস্ট্রেলিয়াকে টেস্টে তাদের মাঠে হারানো সম্ভব। কিন্তু ফিল্ডিং কোচ আশিকুজ্জামান জানালেন ভিন্ন কথা।
জাগো নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানালেন, ম্যাচের আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড্রেসিংরুমে বলেছিলেন, আমরা অস্ট্রেলিয়াকে হারাব। ম্যাচ শেষ হওয়ার পর সবাই মিলে শুকরানা নামাজও পড়েছেন।
আশিকুজ্জামান বলেন, ‘খেলার আগে মিটিংয়ে ক্যাপ্টেন শান্ত বলেছিল আমরা অস্ট্রেলিয়াকে হারাবো এবং আল্লাহ আমাদের সঙ্গে আছেন। প্র্যাকটিস ম্যাচে হারার পরেও প্লেয়াররা প্রচুর পরিশ্রম করেছে। জয়ের মুহূর্ত তৈরি হওয়ার পর সবার চোখে আনন্দ ও শক্তি দেখা যাচ্ছিল। এক নম্বর টিমকে তাদের দেশে হারিয়েছি, যা দারুণ বিষয়। ড্রেসিংরুমে সবাই খুব খুশি ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সবাই শুকরানা নামাজ পড়েছি। দিনটা খুব ভালো লেগেছে।’
এমএমআর
