এসএসসির খাতা পুনর্নিরীক্ষার পাস করল ৩৮০ জন ফেল করা পরীক্ষার্থী
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ হয়েছে।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পরবর্তী গ্রেড ও জিপিএ-৫ পেয়েছে। পুনর্নিরীক্ষণের আগে এফ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে এফ থেকে এ গ্রেড পেয়েছে ১ জন। এফ থেকে এ মাইনাস গ্রেড পেয়েছে ৩ জন। এফ থেকে বি পেয়েছে ৩৩ জন। এফ থেকে সি গ্রেড পেয়েছে ১৯ জন। এফ থেকে ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩২৪ জন। খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে এ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া আগে এ গ্রেড পাওয়া ১৯ জন এবং বি গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছে। পুনর্নিরীক্ষণের ফলে এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া বি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ১২ জন। বি থেকে এ মাইনাস পেয়েছে ১৫০ জন। সি থেকে এ পেয়েছে ১ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন। সি থেকে বি পেয়েছে ৬৫ জন। ডি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন। ডি থেকে সি পেয়েছে ১৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এসময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়। পুনর্নিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।
মিলন রহমান/এফএ
