এই দিনে ছিনতাই হয় চার যাত্রীবাহী বিমান, হামলায় কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এদিনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ট্রাম্প নিউইয়র্কের পরিবর্তে ভার্জিনিয়ার পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২০০১ সালের ওই হামলায় ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালানো হয়। সেদিন মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।
গ্রাউন্ড জিরোতে সাবেক প্রেসিডেন্টরা
নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের ‘গ্রাউন্ড জিরো’তে আয়োজিত অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা চার জীবিত প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা রয়েছে।
তারা হলেন—হামলার সময় প্রেসিডেন্ট থাকা রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন।
অনুষ্ঠানে কোনো বক্তৃতা থাকবে না। হামলায় নিহতদের পরিবারের সদস্যরা একে একে সব নিহতের নাম পাঠ করবেন। হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করে ঘণ্টাও বাজানো হবে।
‘বিষাক্ত বাতাস’ নিয়ে নথি প্রকাশ
তবে সম্প্রতি লোয়ার ম্যানহাটনে ৯/১১ হামলার পর বাতাসে বিষাক্ত পদার্থের মাত্রা সম্পর্কে নগর কর্তৃপক্ষ কী জানত, তা নিয়ে হাজার হাজার নথি প্রকাশ করে প্রশংসা পেয়েছেন মামদানি।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন ধসে পড়ার পর প্রাথমিক ধুলোর মেঘের পাশাপাশি কয়েক মাস ধরে দূষণ ও ধুলাবালি ছড়িয়ে ছিল। এর ফলে নিউইয়র্কের হাজারো মানুষ ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার মামদানি বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, কারণ তারা যেসব নেতার ওপর আস্থা রেখেছিল, তারা তাদের নিরাপদ বলে আশ্বস্ত করেছিলেন এবং বিষাক্ত বাতাস সম্পর্কে সত্য জানাননি।
কীভাবে ঘটেছিল ৯/১১ হামলা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রায় মেঘমুক্ত আকাশের দিন আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে।
এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। ১১০ তলা বিশাল ভবন দুটি পরে ধসে পড়ে।
তৃতীয় বিমানটি ওয়াশিংটনের পেন্টাগনে আঘাত করে। চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়।
সেদিন নিহত ২ হাজার ৯৭৭ জনের বাইরে ৯/১১-সংশ্লিষ্ট বিভিন্ন রোগে এখন পর্যন্ত আরও ৯ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন বলে হামলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য গঠিত একটি ফেডারেল কর্মসূচির হিসাবে জানা যায়।
নতুন প্রজন্মের কাছে ৯/১১-এর স্মৃতি
৩২ বছর বয়সী লোগান মিলার হামলায় তার চাচাকে হারিয়েছেন। পরে ৯/১১-সংশ্লিষ্ট অসুস্থতায় তিনি তার দাদাকেও হারান।
তিনি বলেন, নতুন প্রজন্মের অনেকেই ওই ঘটনার ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। তাই তারা এ ঘটনা সম্পর্কে আরও বেশি প্রশ্ন করছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
স্মরণ অনুষ্ঠানে লোয়ার ম্যানহাটনে বিপুল মানুষের সমাগমের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি অ্যান্টি-ড্রোন দল মোতায়েন থাকবে। তবে অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো হামলার হুমকি সম্পর্কে গোয়েন্দা তথ্য নেই বলেও তিনি জানান।
এদিকে আল-কায়েদাও ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সংগঠনটির প্রয়াত নেতা ওসামা বিন লাদেন এবং তার ছেলে হামজার ছবি দেখানো হয়েছে। ২০১৯ সালে ট্রাম্প জানিয়েছিলেন, হামজা বিন লাদেনও নিহত হয়েছেন।
বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক হারবারের আকাশে বিশেষ ড্রোন শোর আয়োজন করা হয়। সেখানে ২ হাজার ৯৭৭টি আলো ব্যবহার করা হয়—হামলায় নিহত প্রতিটি মানুষের স্মরণে একটি করে আলো।
সূত্র: এএফপি
এমএসএম
