ইয়াশ-তটিনীর ‘কাবিননামা’ দেখলেন ৫৬ লাখ মানুষ
বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। একসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। দীর্ঘদিন পর আবারও নতুন নাটক নিয়ে পর্দায় ফিরেছেন এই জুটি। আর ফিরেই দর্শকের ভালোবাসায় সাড়া ফেলেছে তাদের নতুন নাটক ‘কাবিননামা’।
৪ সেপ্টেম্বর ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে ৫৬ লাখ। পাশাপাশি নাটকটির কমেন্ট বক্সে জমা পড়েছিল কয়েক হাজারের বেশি মন্তব্য।
সেখানে বড় একটি অংশে দর্শকরা ইয়াশ-তটিনীর অভিনয় ও পর্দার রসায়নের প্রশংসা করেছেন।
ইয়াশ ও তটিনী জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেছেন। তাদের পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ জনপ্রিয়। ব্যক্তিগত জীবনেও একসময় তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই এসব গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।
এদিকে বেশ কিছুদিন একসঙ্গে নাটকে দেখা যায়নি ইয়াশ-তটিনীকে। ফলে প্রিয় জুটিকে আবার পর্দায় দেখতে অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘কাবিননামা’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটতেই দর্শকের আগ্রহের প্রতিফলন দেখা গেছে নাটকটির ভিউয়ে।
‘কাবিননামা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে ইয়াশ রোহান ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
দীর্ঘ বিরতির পর ইয়াশ-তটিনীকে একসঙ্গে পেয়ে দর্শকের উচ্ছ্বাসই যেন ফুটে উঠেছে নাটকটির সাফল্যে। এক দিনে ২৫ লাখ ও দুই দিনে ৪৪ লাখ ও তিন দিন শেষে ৫৬ লাখ ভিউয়ের মাইলফলক বলছে, এই জুটির প্রতি দর্শকের আগ্রহ এখনো বেশ তীব্র।
এলআইএ


