September 7, 2026

ইংলিশ চ্যানেলে ডিঙি নৌকা থেকে ১৪০ অভিবাসী উদ্ধার

0
1-mtr23unq65xp0ps-20260907155057.jpg


ইংলিশ চ্যানেলে একটি ছোট নৌকা থেকে প্রায় ১৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের নরম্যান্ডি উপকূল থেকে রাতে যাত্রা করা নৌকাটি ব্রিটিশ জলসীমায় পৌঁছানোর পর সহায়তা চায়। পরে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের (আরএনএলআই) দুটি উদ্ধারকারী নৌকা তাদের উদ্ধার করে।

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি নরম্যান্ডির উপকূল থেকে যাত্রা করার পর প্রায় ১০ ঘণ্টা ধরে ফরাসি উদ্ধারকারী নৌকার নজরদারিতে ছিল। তবে পানিতে নৌকাটি থামানোর চেষ্টা ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি নিরাপদ দূরত্ব থেকে অনুসরণ করা হয়।

দুপুরের দিকে নৌকাটি ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে। পরে বেমব্রিজ ও ইয়ারমাউথ থেকে আসা লাইফবোটগুলো নৌকাটির যাত্রীদের উদ্ধার করে তাদের যুক্তরাজ্যের তীরে নিয়ে যায়।

ফরাসি কর্তৃপক্ষের মতে, নরম্যান্ডির এই অঞ্চল থেকে অভিবাসীদের যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করা তুলনামূলকভাবে অস্বাভাবিক। এলাকাটি ক্যালের আশপাশের প্রচলিত যাত্রাস্থল থেকে প্রায় ১৭০ মাইল দূরে। ফলে এই পথ দিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে অভিবাসীদের আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করতে হয়।

তবে সাম্প্রতিক সময়ে নরম্যান্ডি থেকে ছোট নৌকায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রার প্রবণতা বাড়ছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা জোরদার করার আলোচনা চলছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ বিষয়ে বৈঠক করেন। দুই দেশের নেতারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ ছোট নৌকার পারাপার কমাতে চলমান উদ্যোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এর আগে আগস্টে একটি ছোট নৌকায় রেকর্ডসংখ্যক ২৩০ জন যাত্রী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। একই সময়ে চ্যানেলে মোট পারাপারের সংখ্যা কমলেও পাচারকারীরা তুলনামূলক বড় নৌকায় বেশি সংখ্যক মানুষ তোলার কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এসব নৌকাকে অনেক সময় ‘মেগা ডিঙি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

কর্তৃপক্ষের ধারণা, ক্যালের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান বাড়ায় মানবপাচারকারী চক্রগুলো তাদের কার্যক্রমে পরিবর্তন আনছে। নজর এড়াতে তারা এখন নতুন এলাকা থেকে যাত্রা এবং একসঙ্গে বেশি মানুষ পরিবহনের মতো কৌশল ব্যবহার করছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় পারাপার বন্ধ করতে সরকার কাজ করছে। তাদের দাবি, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি পারাপারের প্রচেষ্টা ঠেকানো হয়েছে এবং প্রায় ১১০০টি নৌকা ও ইঞ্জিন জব্দ করা হয়েছে।

ফরাসি উপকূলে নজরদারি আরও বাড়াতে যুক্তরাজ্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, বড় নৌকায় বিপুলসংখ্যক মানুষ পরিবহনের প্রবণতা মোকাবিলায় ৪৫ জন অতিরিক্ত পুলিশ সদস্যের একটি বিশেষ দল ফ্রান্সের উপকূলে কাজ করবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্স থেকে ছোট নৌকায় মোট ১৬ হাজার ৫১৩ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। সাম্প্রতিক মাসগুলোতে পারাপারের সংখ্যা কমলেও বড় নৌকায় অধিকসংখ্যক মানুষ পরিবহনের নতুন প্রবণতা পরিস্থিতিকে এখনও উদ্বেগজনক করে রেখেছে।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *