September 9, 2026

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা

0
og_1788920497_6aa0c2b104ee2.jpeg


চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে জয় দিয়ে অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও ফেদেরিকো ভালভার্দে। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় কার্লোস অগুস্তো।

ম্যাচের ১৪তম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। ব্রাহিম দিয়াজের পাস থেকে ইন্টার ডিফেন্ডার ইয়ান বিসেকের ভুলের সুযোগ নিয়ে প্রথমবারের মতো শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়ায় ৭১-এ। প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি রিয়ালের কিংবদন্তি রাউলের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন।

এর মাত্র নয় মিনিট পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ হয়। গোলরক্ষক জোসেপ মার্তিনেজের বড় ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন রিয়াল অধিনায়ক ভালভার্দে এবং সেটি জালে পাঠান। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে ম্যাচে দাপট ছিল ইন্টারেরও। প্রথমার্ধে মার্কাস থুরাম ও লাওতারো মার্তিনেজের প্রচেষ্টা ঠেকিয়ে রিয়ালকে বিপদমুক্ত করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিরতির আগে কার্টিস জোন্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। এমবাপে একাধিকবার গোলের কাছাকাছি গেলেও ইন্টার গোলরক্ষক মার্তিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন। অন্যদিকে কোর্তোয়াও ইন্টারের আক্রমণ সামলে রিয়ালের লিড ধরে রাখেন।

ম্যাচের ৭৭তম মিনিটে লাওতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে কার্লোস অগুস্তো গোল করে ইন্টারের ঘুরে দাঁড়ানোর আশা জাগান। শেষ দিকে রিয়াল বেশ চাপে পড়লেও আর গোল হজম করেনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হারের পর এই জয় কোচ হোসে মরিনহোর দলের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি এনে দিলো। ইন্টারকে চ্যাম্পিয়ন্স লিগের ২০১০ সালের শিরোপা জেতানো মরিনহোর জন্য সাবেক ক্লাবের বিপক্ষে এই জয়ও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

এমএমআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *