September 8, 2026

আরও পাঁচ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে নেই বিরোধীদল

0
og_1788882427_6aa02dfb236c1.jpeg


আরও পাঁচ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত এসব কমিটির কোনো সভাপতির পদেই বিরোধীদলের কাউকে রাখা হয়নি। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন গঠিত পাঁচ কমিটির সভাপতির পদে বিরোধীদলের কোনো সদস্যকে রাখা হয়নি।

নবগঠিত কমিটিগুলো হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।

এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহানকে। বিএনপির এই এমপি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলনকে।

রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি মোহাম্মদ আলী আসগার লবিকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি এস এম রফিকুল ইসলামকে।

জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত ও ১১টি বিষয়ভিত্তিক। এর মধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ও অন্য নয়টি বিষয়ভিত্তিক।

এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে নেওয়া হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরও এক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।

এমওএস/এমএএইচ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *