অভিষেকেই ব্যাট হাতে জর্ডানের রেকর্ড, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়
ব্যাট হাতে অভিষেক, একজন ব্যাটারের বুকে কতটা দুরু দুরু করে? প্রশ্নটা অভিষিক্ত কোনো ব্যাটারকে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পাওয়া যাবে। তবে, দক্ষিণ আফ্রিকান ব্যাটার জর্ডান হারমানের উত্তরটা হয়তো অন্যদের চেয়ে একটু ভিন্নই হতে পারে।
কারণ, স্নায়ুর চাপ যে হরমোনের কারণে তৈরি হয়, সেই হরমোনটাই হারমানের মধ্যে আছে কি না সন্দেহ। না হয়, একজন ব্যাটার ব্যাট হাতে অভিষেকেই কিভাবে এত রান করে?
প্রশ্নের উত্তর খুঁজতে আপনি দক্ষিণ আফ্রিকা বনাম নামিবিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডের স্কোরবোর্ডের ওপর নজর রাখতে পারেন। টস জিতেছিলো নামিবিয়া। ব্যাট করার আমন্ত্রণ জানায় তারা দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু নামিবিয়া অধিনায়কের সিদ্ধান্তটা যে ভুল ছিল, তা প্রমাণ করে দিতে বিলম্ব করলেন না অভিষিক্ত ব্যাটার জর্ডান হারমান।
১২৬ বল খেলে অভিষেকেই ১৫০ রানের অনবদ্য একটি ইনিংস খেলে ফেলেন তিনি। যা রীতিমত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। যদিও যৌথভাবে। ২০২৫ সালেই দক্ষিণ আফ্রিকার আরেক ওপেনার ম্যাথিউ ব্রিৎজকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৫০ রানের ইনিংস।
ওয়ানডে ক্রিকেটের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। যৌথভাবে যে রেকর্ডের মালিক দুই প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিৎজকে ও জর্ডান হারমান। অভিষেকে ১৪৮ রান করে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার ডেসমন্ড হেইন্স। তিনি ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েন। ২০২৫ সাল পর্যন্ত হেইন্সই ছিলেন শীর্ষে। ১২৭ রান করে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ রয়েছেন চতুর্থ স্থানে।
জর্ডান হারমানের রেকর্ড গড়া ১৫০ রানের ইনিংসে ভর করে নামিবিয়ার বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রানের বিশাল স্কোর। ১৫০ রানের ইনিংসে ১৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন জর্ডান হারমান। তিনি ছাড়াও মিডল অর্ডার ব্যাটার টনি ডি জর্জি ৮৪ বলে খেলেন ৭২ রানের ইনিংস।
২৮ বলে ৩৩ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস, ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন করবিন বোস। নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান একাই নেন ৪ উইকেট।
আইএইচএস/
