September 5, 2026

১১ দলের লংমার্চ ও লালদীঘির সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান

0
untitled-mtmp6hazql5p5yx-20260904143743.jpg


১১ দলীয় ঐক্যের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘির সমাপনী সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা চট্টগ্রাম নগরের চকবাজার অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে বের হওয়া মিছিল শেষে প্রবর্তক মোড়ে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। লংমার্চকে স্বাগত জানিয়ে চকবাজার থানা জামায়াত এ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এ লংমার্চ হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘির সমাপনী সমাবেশ জনগণের ন্যায্য দাবি আদায়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নিতে হবে।

জামায়াতের এ নেতা আরও বলেন, গণভোটের গণরায়কে উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের চলমান সংকট নিরসনে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনা করেন নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল।

এর আগে অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে তেলপাট্টি, রসিক হাজারী ও গোলজার মোড় হয়ে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় চকবাজার থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, আমজাদ হোসাইন, মাওলানা খালেদ জামালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *