সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন: প্রতিবেশী
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ও চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে তার নিজ এলাকার মানুষ। মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার এবং ডনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন বলে দাবি করেন এক প্রতিবেশী। ওইদিন ডন বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে গিয়েছিলেন বলেও দাবি করেন তার সাবেক রাঁধুনী।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় ডনের বাসার সামনে তার শৈশবের বন্ধু ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে ডনের শৈশবের বন্ধু জোসেফ বলেন, ‘ছোটবেলা থেকেই ডন অনেক ভালো ও উদার মনের মানুষ। সে একজন ভালো ফুটবল খেলোয়াড় এবং সাংস্কৃতিমনা। সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। সে যে খুনের মতো নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, তা এলাকার কেউ বিশ্বাস করে না।’
প্রতিবেশী আইনুল ইসলাম বলেন, প্রতিহিংসা বা শত্রুতা হয় সমানে সমানে। ডন ছিলেন খলনায়ক, আর সালমান শাহ নায়ক। তাদের মধ্যে কীসের এত হিংসা-বিদ্বেষ থাকবে যে ডন তাকে মেরে ফেলবে? আর সালমান শাহর মৃত্যুর দিন ডন বগুড়াতেই ছিলেন। তাই সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীদের বিচার এবং ডনের দ্রুত মুক্তি চান তারা।
মানববন্ধনে ডনের বাসার সাবেক রাঁধুনিও বক্তব্য দেন। ডনের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সালমান শাহর মৃত্যুর তিন দিন আগে থেকেই ডন বগুড়ায় ছিলেন। যেদিন সালমান শাহর মৃত্যুর খবর আসে, তার আগের রাতে এবং সেদিনও তার রান্না আমিই করেছি। খাবার খেয়ে বন্ধুদের নিয়ে নৌকায় ভ্রমণে গিয়েছিলেন ডন, তখনই সালমান শাহর মৃত্যুর খবর তার কাছে পৌঁছায়।’
মানববন্ধন থেকে ডনের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এসআর/এএসএম


