September 8, 2026

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন হান্টার বাইডেন

0
og_1788797522_6a9ee252bfbf9.jpeg


যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ২০২৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন হান্টার বাইডেন। তবে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি।

গত রোববার (৬ সেপ্টেম্বর) ‘দ্য ক্যাটস রাউন্ডটেবল’ সাক্ষাৎকার অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক জন ক্যাটসিমাটিডিস তাকে প্রেসিডেন্ট পদে লড়ার পরিকল্পনা করছেন কি না, তা জানতে চান। এর জবাবে হান্টার বাইডেন বলেন, ‘আপনার সমর্থন পেলে আমাকে হয়তো লড়তেও হতে পারে।’ তবে, এর আগে একই অনুষ্ঠানে উপস্থাপক জন ক্যাটসিমাটিডিসের একই প্রশ্নের জবাবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও কথা বলেন হান্টার বাইডেন। দলটিতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার মতো সম্ভাবনাময় অনেক নেতাই রয়েছেন বলে জানান তিনি।

এসময় সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের নাম উল্লেখ করেন। এছাড়া, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলেও জানান তিনি।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে সিবিএস নিউজের সাংবাদিক রবার্ট কস্তাকে তিনি বলেছিলেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউজের দৌড়ে নামার কথা বিবেচনা করছেন না বললে তিনি মিথ্যা বলবেন।

এছাড়া, ডেমোক্র্যাটদের সম্ভাব্য অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন অসফ, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ।

তবে, সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, তাকে আইনের শাসনের প্রতি অবশ্যই অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে মার্কিন সংবিধানভিত্তিক প্রজাতন্ত্র এবং সাধারণ আমেরিকানদের আকাঙ্ক্ষার প্রতি আস্থা রাখার কথাও বলেন তিনি।

গত আগস্টে এমারসন কলেজ ও দ্য হিলের এক জরিপে ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে। এতে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চেয়ে সামান্য এগিয়ে ছিলেন গ্যাভিন নিউজম।

সাক্ষাৎকারে নিজের মাদকাসক্তির সমস্যার কথাও স্বীকার করেন হান্টার বাইডেন। তিনি বলেন, এ মুহূর্তে তার প্রধান উদ্বেগ আসক্তির সমস্যায় ভুগতে থাকা প্রায় পাঁচ কোটি আমেরিকানকে নিয়ে। এসময় সম্প্রতি মাদকমুক্ত থাকার সাড়ে সাত বছর পূর্ণ করেছেন বলে দাবি করেন হান্টার বাইডেন।

সূত্র: দ্য হিল

এমআরএইস/কেএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *