মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) মেডিকেল অফিসার হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মেঘমল্লারকে হাসপাতালে মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।
বন্ধুদের সূত্রে জানা গেছে, তিনি সোমবার রাতে ফেসবুক একটি পোস্ট দেন। সেখানে ব্যক্তিগত হতাশা, অপরাধবোধ, পারিবারিক বিষয় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একইসঙ্গে সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করতে এবং মা ও পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য বন্ধু ও সহযোদ্ধাদের অনুরোধ জানান।
এই পোস্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তার সন্ধান শুরু করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।
মেঘমল্লালের এক বন্ধু তমা বলেন, ‘আমি তার ফেসবুক পোস্টটি দেখে খুবই চিন্তায় পড়ে যাই এবং সব বন্ধুর কাছে ফোন দিয়ে তার সম্পর্কে জানতে চাইলেও কেউ খবর দিতে পারছিল না। পরে আমাদের ক্যাম্পাসের এক বড় আপুর (দোলা) ফেসবুক পোস্ট থেকে জানতে পারি মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়েছে। তিনি বেশ কিছুদিন থেকেই হতাশাগ্রস্ত ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে।’
মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকরা মনে করেছেন, তাকে আইসিইউতে নেওয়া দরকার। বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বুধবার বলেন, বর্তমানে মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
কেএজেডআইএ/একিউএফ

