September 10, 2026

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

0
6aa286ca8de8117890362346aa286ca8de85.jpg



ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যমাধ্যম সমাজ। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দেশের ১২২ জন বিশিষ্ট শিল্পী।

এক যৌথ বিবৃতিতে শিল্পীরা স্পষ্টভাবে বলেন, একজন শিল্পী তার রাজনৈতিক মতাদর্শ, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে কোনোভাবেই হামলা বা হয়রানির শিকার হতে পারেন না। তাদের মতে, এমন নিন্দনীয় ঘটনা কেবল অপরাধই নয়, এটি একজন শিল্পীর স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি এক মারাত্মক আঘাত।

জুলাইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সময় দেশের অন্য অনেক শিল্পীর মতো আজমেরী হক বাঁধনও অন্যায়, হত্যা, দমন ও নিপীড়নের বিরুদ্ধে নিজের জোরালো অবস্থান প্রকাশ করেছিলেন। তবে কারো রাজনৈতিক অবস্থান পছন্দ না হলে তাকে অপমান, ভয় দেখানো বা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেন শিল্পীরা।

দৃশ্যমাধ্যম সমাজের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক মতের বিরোধিতা কখনো সহিংসতার বৈধতা দিতে পারে না। বিশেষ করে একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা বা তাকে প্রকাশ্যে হেনস্তা করা কোনোভাবেই প্রতিবাদের ভাষা হতে পারে না; এটি নিছকই কদর্য সহিংসতার বহিঃপ্রকাশ।

অভিনেত্রী বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে শিল্পীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভয় দেখিয়ে কোনোভাবেই শিল্পীর স্বাধীন কণ্ঠ স্তব্ধ করা উচিত নয়। একইসঙ্গে ভেনিসের এই অপ্রীতিকর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, এর সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *