September 2, 2026

বিএমইউতে বসলো নতুন মেশিন, হাড়ের অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা

0
bsmu-mqs0duriqc7m9bz-20260624175419.jpg


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে অত্যাধুনিক ‘সি-আর্ম’ (C-Arm) ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় এক অনুষ্ঠানে আধুনিক এই চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালুর ফলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি সেবায় নতুন মাত্রা যুক্ত হলো। অস্ত্রোপচার চলাকালীন রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুবিধা থাকায় হাড়ের জটিল অস্ত্রোপচার আরও নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর ফলে জটিল অস্ত্রোপচারে বাড়বে নিখুঁততা।

উদ্বোধনকালে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আধুনিক সি-আর্ম মেশিন আমাদের অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা আরও বাড়িয়ে দেবে। জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন।

 তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আরও উন্নত ও জনবান্ধব করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান এবং অস্ত্রোপচারের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন সার্জনরা। ফলে ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার (K-wire) সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

jagonews24

সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান এবং অস্ত্রোপচারের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন সার্জনরা/ছবি: বিএমইউর সৌজন্যে

তিনি বলেন, এ প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচার করার সুযোগ। এর ফলে অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। রোগীর দ্রুত সুস্থতায় সহায়ক অপারেশনের সময় লাইভ ইমেজিং সুবিধা থাকায় সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমানোর পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। ফলস্বরূপ রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমার পাশাপাশি রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়বে।

অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা থাকায় রোগী ও অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি অধিক নিরাপদভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে উপাচার্যের একান্ত সচিব -১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসইউজে/এমএমকে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *